চ্যাম্পিয়ন্স লীগের দৌড়ে এগিয়ে থাকার লড়াইয়ে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। লিগে টানা তৃতীয় জয় পেল তারা।
তবে জয়ের ম্যাচে ৫৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এরপর থেকেই মৌসুমের বাকি ম্যাচ থেকে তার ছিটকে যাওয়া নিয়ে সংশয় দেখা দেয়।
মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, চোটের কারণে প্রিমিয়ার লিগের বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে থাকবেন মোহাম্মদ সালাহ।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থা সম্পর্কে লিভারপুলের পক্ষ থেকে কোনো নতুন তথ্য জানানো হয়নি। তবে হাসান ইব্রাহিম হাসান জানান, মিশরীয় এই তারকা লিভারপুলের হয়ে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
হাসান বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তার হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে এবং তার চার সপ্তাহ চিকিৎসার প্রয়োজন হবে। অন্যদিকে লিভারপুলের ম্যানেজার আর্নে স্লট বিবিসিকে বলেন, আরেকটি জয় এবং আরেকটি চোট। এটাই আমাদের এই মৌসুমের গল্প। এখনই কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমরা সবাই সালাহকে চিনি এবং জানি মাঠ ছেড়ে যাওয়াটা তার জন্য কতটা কঠিন। তার পরিস্থিতি কতটা গুরুতর তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
নয়টি ট্রফিতে ভরা মৌসুমের পর লিভারপুলের সঙ্গে সালাহর যাত্রার সমাপ্তি ঘটল। গোলের চেয়ে কথার মাধ্যমেই তার বিদায় স্মরণীয় হয়ে থাকবে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর তিনি ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন।
৯ই মে ঘরের মাঠে চেলসির এবং ২৪শে মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে লিভারপুল। এছাড়া ৩ মে তারা ম্যানচেস্টার ইউনাইটেড এবং ১৭ই মে অ্যাস্টন ভিলার মাঠে খেলবে তারা। লিভারপুলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছেন।
হাসান বলেছেন, সালাহ ২০২৬ বিশ্বকাপের জন্য ফিট হয়ে যাবেন, যেখানে গ্রুপ ‘জি’-তে মিশর বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরানের মুখোমুখি হবে।তবে সালাহ উত্তর আমেরিকায় ১১ই জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য সময়মতো সুস্থ হয়ে উঠতে এবং আগেরবারের মতো চোটের পুনরাবৃত্তি এড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের ম্যাচে তিনি কাঁধে চোট পান এবং দুই ম্যাচে দুই গোল করা সত্ত্বেও রাশিয়ায় গ্রুপ পর্ব থেকেই মিশর বাদ পড়ে যায়।

