কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম (৩০) হত্যা মামলার প্রধান আসামি আবদুল আওয়ালকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবদুল আওয়াল কসবা উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিমরাইল গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুল ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন। মাদকসেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে এলাকায় পরিচিতি পান তিনি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, নিহতের বাবার করা মামলার প্রধান আসামি ছিলেন আবদুল আওয়াল। র‍্যাব তাকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় এর আগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকার একটি স্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে আবদুল আওয়ালসহ ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

পুলিশ জানায়, দ্বীন ইসলাম কনটেন্ট ক্রিয়েটর হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে কসবা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০টি মামলা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here