গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

0
গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

লিগের শেষ এল ক্লাসিকো হতে পারত বেশ রোমাঞ্চকর। তবে বার্সেলোনার যেন একটু বেশিই তাড়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগেই যেন লা লিগা জেতার মিশনে আছে কাতালান ক্লাবটি। আগের দিন রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর পর আজ পুরো তিন পয়েন্ট পাওয়া বার্সার লিগ জয়টা এখন কেবল সময়ের ব্যাপার।

লা লিগায় শনিবার (২৫ এপ্রিল) গেতাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথামার্ধের শেষ দিকে ফেরমিন লোপেজের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করা গোলটি করেন মার্কাস রাশফোর্ড। 

এই জয়ে ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাড়াল ৮৫। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। আগামী ৩ মে’তে ওসাসুনা বিপক্ষে জয়ের পর এল ক্লাসিকোতে ড্র করলেই টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হবে বার্সা।

গেহাফের মাঠে জয় পাওয়াটা বার্সার জন্য কখনোই সহজ ছিল না। ২০১৯ সালের পর এই প্রতিপক্ষের ডেরা থেকে জয় নিয়ে ফিরতে পারেনি নূ ক্যাম্পের ক্লাবটি। ২০২৫-২৬ মৌসুমেও গেতাফের রক্ষণ ছিল ইস্পাত কঠিন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের পর লিগে সবচেয়ে কম (৩৪) গোল হজম করেছে তারা। 

আজও প্রথামার্ধে আক্রমণেভাগের দুই কান্ডারি লামিনে ইয়ামাল-রাফিনিয়া বিহীন বার্সাকে বেশ ভুগিয়েছে গেতাফে। স্বাগতিকদের টানা প্রেসিংয়ের কারণে বার্সার স্বাভাবিক পাসিং গেম বারবার বাধাগ্রস্ত হয়েছে। গেতাফের রক্ষণ ভাঙতে ব্যর্থ হচ্ছিল ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার একটি দারুণ সুযোগ হাতছাড়া করে ফ্লিকের দল। জুলস কুন্দের পাস থেকে পাওয়া বল রুনি বার্দঘি পোস্টের বাইরে মারেন। 

গোলশূন্য থেকেই বিরতিতে যাওয়ার পথে ছিল দুই দল। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডেডলক ভাঙে সফরকারী বার্সা। পেদ্রির চমৎকার এক জাদুকরী পাস থেকে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। এটিই ছিল পুরো প্রথমার্ধে বার্সার নেওয়া লক্ষ্যে প্রথম শট।

দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা । ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ব্যবধান দ্বিগুণ হয় এক কাউন্টার অ্যাটাক থেকে। ৭৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে বদলি হিসেবে নামা র‍্যাশফোর্ড চমৎকার গোলে জয় নিশ্চিত করেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে কাসাদোর সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩-০ করার। কিন্তু গোলপোস্টের খুব কাছ থেকেও এই মিডফিল্ডার বল জালে জড়াতে ব্যর্থ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here