কুমিল্লার ছায়াবিতান এলাকার জলাবদ্ধতা দূর ও স্কুলের খেলার মাঠ সংস্কারের দাবি

0
কুমিল্লার ছায়াবিতান এলাকার জলাবদ্ধতা দূর ও স্কুলের খেলার মাঠ সংস্কারের দাবি

জলাবদ্ধতা দূর, স্কুলের খেলার মাঠ ও কবরস্থান সংস্কারসহ নানা সমস্যা থেকে মুক্তি চান কুমিল্লা শহরতলির ছায়াবিতান এলাকার অর্ধলক্ষাধিক বাসিন্দা। কুমিল্লার দৌলতপুর ছায়াবিতান কো- অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই দাবি জানান। 

শনিবার সোসাইটি প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম ভূঁঞা, সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গাজী মো. মামুন হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম মিলন। সঞ্চালনা করেন সোসাইটির সহ-সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক সরকার। 

সভায় ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি। সরকারি চাকরিজীবীদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে আবাসিক কার্যক্রম শুরু করে। সোসাইটির জলাবদ্ধতা নিরসন ও সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনের নিকট আবেদন জমা দিয়েছি। 

জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, এখানের সমস্যাগুলো দীর্ঘদিনের। আমি সমস্যাগুলো সম্পর্কে অবগত হয়েছি। পর্যায়ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here