চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ইসরায়েলি বাহিনী কান্তারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়োহমোর আল-শাকিফ ও হুলা এলাকায় গোলাবর্ষণ চালায়।
এছাড়া ইয়োহমোর আল-শাকিফ শহরে একটি মোটরসাইকেল ও একটি ট্রাককে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলাগুলোতে চারজন নিহত হয়েছেন।
এদিকে দখলকৃত খিয়াম শহরে বিস্ফোরক ব্যবহার করে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
অন্যদিকে, রাজধানী বৈরুতের আকাশে সকাল থেকেই নিচু উচ্চতায় একটি ইসরায়েলি ড্রোন উড়তে দেখা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

