প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন তার বিশেষ সহকারী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রবর্তন করেছে, ইলেকট্রনিক হেলথ কার্ড ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট পাইলটিং শুরু করেছে, নাম করা খেলোয়াড়দের সম্মানী ভাতা প্রদান শুরু করেছে এবং দেশি-বিদেশি কর্মসংস্থান সম্প্রসারণের জন্য যুবকদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অরাজনৈতিক সংগঠন ‘সেভ বাংলাদেশ’ এর উদ্যোগে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এক উষ্ণ ও তাৎপর্যপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন। গত ২২ এপ্রিল ড. জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে তাকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ খান, সঞ্চালনায় ছিলেন কামরুন নাহার কণা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাম্বাসির প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

