লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস বন্ধের ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি বাহিনী গ্রামগুলোতে অভিযান চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো এলাকা।
লেবাননের রাষ্ট্রদূত জানিয়েছে, তাদের পক্ষ থেকে এই ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য অনুরোধ করা হয়েছিল। তবে তা মানা হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, তারা হয়ত আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারবেন না।
স্থানীয়দের ভাষ্য, তাদের ঘরবাড়ি এখনো আছে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও পুরো গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার চিত্র দেখা গেছে। সাম্প্রতিক বৈঠকগুলোতে শান্তি ও চুক্তির কথা বলা হলেও সুনির্দিষ্ট অগ্রগতির ইঙ্গিত মেলেনি। সেখানে হিজবুল্লাহকে শান্তির পথে প্রধান বাধা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এতে লেবাননের ভেতরে মতবিরোধ আরো তীব্র হচ্ছে। কারণ, দেশটির সবাই ইসরায়েলের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার পক্ষে নয়।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে হলে এমন একটি চুক্তি প্রয়োজন, যেখানে স্থায়ীভাবে সংঘাত বন্ধ হবে এবং দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হবে ইসরায়েলি বাহিনীকে। সূত্র: আল-জাজিরা

