নিউজিল্যান্ডের সিনিয়র অলরাউন্ডার সুজি বেটস জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
সুজি বেটস ২০ বছরেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৬২টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময়, ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের সঙ্গে তার ২০ বছরের দীর্ঘ সম্পর্কের মধুর স্মৃতি স্মরণ করেন।
বেটস বলেন, যখন আমি বিগত বিশ বছরেরও বেশি সময়ের দিকে ফিরে তাকাই, আমি বিশ্বাসই করতে পারি না যে সময়টা কত দ্রুত চলে গেছে। এতবার ‘ফার্ন’ জার্সি পরতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই দলের জন্য প্রতিদিন একজন ভালো মানুষ, সতীর্থ, ক্রিকেটার এবং ক্রীড়াবিদ হওয়ার চেষ্টায় আমি এক বিশাল উদ্দেশ্য ও আনন্দে পরিপূর্ণ ছিলাম।
বেটস ২০ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে সমর্থন দিয়ে আসা সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এরই মধ্যে তিনি এও নিশ্চিত করেছেন, আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ডের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট হবে।
এই অলরাউন্ডার বলেন, এই দীর্ঘ যাত্রাপথে আমার সকল সতীর্থ এবং কোচদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার একটিই শেষ লক্ষ্য, যুক্তরাজ্যে যাওয়া– এমন একটি জায়গা যা আমার জন্য অনেক বিশেষ স্মৃতি বহন করে। সেখানে আরও একটি বিশ্বকাপ জেতা।
সুজি বেটস ২০০৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। পরবর্তীতে নারী আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
ওয়ানডে ক্রিকেটে বেটস ১৮১টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং ৩৮.২ গড়ে ও ৭৯.৫ স্ট্রাইক রেটে ৫৯৬৪ এর বেশি রান রান করেছেন। এই ফরম্যাটে তিনি ১৩টি শতক এবং ৩৭টি অর্ধশতক হাঁকিয়েছেন। বল হাতে বেটস ৪.৯৯ ক্যারিয়ার ইকোনমিতে ৮৩টি উইকেট শিকার করেন, যার মধ্যে একটি চার উইকেট শিকারও রয়েছে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেও বেটস একই রকম প্রভাব বিস্তার করেন, ২৮.৯ গড়ে এবং ১০৮.৬ স্ট্রাইক রেটে ৪৭১৭-এর বেশি রান করেন। তিনি ২৮টি অর্ধশতক এবং একটি শতক হাঁকান। পাশাপাশি তিনি একটি চার উইকেট শিকারসহ মোট ৬২টি উইকেটও তুলে নেন।

