ফরাসি পারমাণবিক সক্ষম বিমান মোতায়েন নিয়ে রাশিয়ার সতর্কবার্তা

0
ফরাসি পারমাণবিক সক্ষম বিমান মোতায়েন নিয়ে রাশিয়ার সতর্কবার্তা

ইউরোপে ফ্রান্সের পারমাণবিক সক্ষম বোমারু বিমান মোতায়েনের পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাশিয়া সতর্ক করে বলেছে, কোনো ইউরোপীয় দেশ যদি ফরাসি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন কৌশলগত বিমান নিজেদের ভূখণ্ডে মোতায়েনে সম্মতি দেয়, তাহলে সংঘাতের সময় তারা রাশিয়ার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন গত মার্চে দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রয়োজনে ইউরোপীয় অংশীদার দেশগুলো সাময়িকভাবে ফ্রান্সের পারমাণবিক সক্ষম বিমান মোতায়েনের সুযোগ পেতে পারে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, এসব উদ্যোগ ন্যাটোর পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিতভাবে’ বাড়ানোর অংশ, যা রাশিয়ার জন্য গুরুতর কৌশলগত হুমকি। তিনি সতর্ক করেন, এই ধরনের মোতায়েন বাস্তব হলে রাশিয়ার সামরিক বাহিনী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা করতে বাধ্য হবে।

ম্যাক্রোঁন জানিয়েছেন, এ বিষয়ে ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন ও ডেনমার্কের সঙ্গে আলোচনা চলছে। তবে গ্রুশকোর দাবি, মিত্রদের নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও বাস্তবে এতে ওই দেশগুলোর ঝুঁকি বাড়বে, কারণ কোনো শক্ত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।

এই উদ্যোগকে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের নিজেদের প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো নিয়ে সমালোচনা ও সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে।

এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার শেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণে শূন্যতা তৈরি হয়েছে।  ইউক্রেন ও ইরান যুদ্ধ আন্তর্জাতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here