যুক্তরাষ্ট্রের জন্য ‘উপযুক্ত এবং লাভজনক’ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প

0
যুক্তরাষ্ট্রের জন্য ‘উপযুক্ত এবং লাভজনক’ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তির বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘উপযুক্ত এবং লাভজনক’ না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যমগুলোতে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, অনেকে ধারণা করছেন তিনি যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ধারণাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের তা নেই—তাদের সময় ফুরিয়ে আসছে!’

যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্যের খতিয়ান তুলে ধরে ট্রাম্প আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘ইরানের নৌবাহিনী এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং রাডার প্রযুক্তি এখন অতীত। তাদের শীর্ষ নেতারা আর বেঁচে নেই।’

অবরোধের কঠোরতা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ এখন নিশ্ছিদ্র এবং অত্যন্ত শক্তিশালী। এখান থেকে পরিস্থিতি কেবল তাদের জন্য আরও খারাপই হবে—সময় কিছুতেই তাদের পক্ষে নেই!’

ট্রাম্প বলেন, ‘একটি চুক্তি তখনই হবে যখন সেটি যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র রাষ্ট্রগুলো এবং সর্বোপরি বিশ্বের জন্য যথাযথ ও কল্যাণকর হবে।’

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here