গুরুতর চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলিয়ান তারকা এস্তেভাওয়ের

0
গুরুতর চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ ব্রাজিলিয়ান তারকা এস্তেভাওয়ের

মৌসুমের শেষ অংশে এসে গুরুতর এক চোটে পড়লেন এস্তেভাও। চেলসির ব্রাজিলিয়ান এই উইঙ্গারের মৌসুমই শেষ। এস্তেভাওয়ের হ্যামস্ট্রিংয়ের এই চোট বড় ধাক্কা হয়ে এসেছে ব্রাজিলের জন্যও। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন বড়সড় হুমকির মুখে তার।

গত শনিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এস্তেভাও। পরবর্তী স্ক্যান রিপোর্টে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে ১৮ বছর বয়সী তরুণ তারকার। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ফোর’ ইনজুরি ধরা পড়েছে তাঁর। তাতে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে এস্তেভাওয়ের খেলার সম্ভাবনা এখন ক্ষীণ বললেই চলে।

ম্যান ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার সময় এস্তেভাওকে বেশ ভেঙে পড়তে দেখা যায়। ম্যাচ শেষে সদ্য বিদায়ী চেলসি কোচ লিয়াম রসেনিয়র বলেন, ‘ও একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। হাফ-টাইমের সময় ও কাঁদছিল। ওর জন্য আমার খুব খারাপ লাগছে।’

আসন্ন বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে নিয়মিত মুখ ছিলেন এস্তেভাও। ব্রাজিলের জার্সিতে ১১টি ম্যাচ খেলে শেষ ৪ ম্যাচেই  ৪ গোল করেছেন এস্তেভাও। আনচেলত্তির দলে তুরুপের তাস হয়ে ওঠা এস্তেভাওয়ের জন্য প্রথম বিশ্বকাপ মিস করাটা হবে চরম দুর্ভাগ্যজনকই। যদিও বিবিসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। তবে আনচেলত্তি তাকে নিয়ে ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গ্রুপ পর্বের আগে নিজের ফিটনেস প্রমাণ করার পর্যাপ্ত সময় পাবেন না এস্তেভাও।

চেলসির জন্য এস্তেভাওয়ের চোট দ্বিগুণ বিপর্যয় হয়ে এসেছে। জোয়াও পেদ্রো, কোল পামার এবং জেমি গিটেন্সের পর এস্তেভাও ছিটকে যাওয়ায় তাদের আক্রমণভাগ এখন পুরোপুরি নখ-দন্তহীন হয়ে গেল। এরমধ্যে লিগে একের পর এক হার বিধ্বস্ত ‘ব্লুজরা’ পয়েন্ট টেবিলে কেবল নিচের দিকেই নামছে।   

২০২৪ সালের মে’তে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে তিনি নিজের জাত চিনিয়েছেন এস্তেভাও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here