মাগুরায় তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তন্ময় মন্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কৃষিকাজে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আদিত্য মন্ডল প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্য ও এলাকাবাসীকে জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে অবহিত করেন।
সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি আমগাছের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ সময় মাটিতে পড়ে থাকা একটি কালো ব্যাগে থাকা কাগজপত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

