দেশে মিতসুবিশি কর্পোরেশন ও র্যানকন গ্রুপের নতুন বিনিয়োগ নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিতসুবিশির মতো একটি বিশ্বখ্যাত কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ করা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী বার্তা। এটি অন্য অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে।
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে গ্র্যান্ড বলরুমে আয়োজিত “মিতসুবিশি কর্পোরেশন ও র্যানকন গ্রুপের নতুন যৌথ উদ্যোগ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি। এছাড়া, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, এতদিন আমরা জাপান, পশ্চিম ইউরোপ ও আমেরিকা থেকে গাড়ি আমদানির ওপর নির্ভরশীল ছিলাম, যা যেন এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু এখন বাংলাদেশেই প্রথমবারের মতো জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে মোটরযান উৎপাদনের এই খবর সত্যিই নতুন ও আনন্দের।
মিতসুবিশিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে আমি আরও বেশি আনন্দিত কারণ এখানে মিতসুবিশি যুক্ত হয়েছে। এটি বিশ্বখ্যাত একটি শীর্ষস্থানীয় কোম্পানি, বিশেষ করে মোটরযান শিল্পে। আর র্যাংকন (Ranks) বাংলাদেশে দীর্ঘদিনের পরিচিত নাম—তারা বহু বছর ধরে গাড়ির বাজারে নির্ভরযোগ্য ডিলার হিসেবে পরিচিত। তাই এই অংশীদারিত্বকে আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখি এবং আমি নিশ্চিত এটি দিন দিন আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, এই যৌথ উদ্যোগের চেয়েও আমি বেশি আশাবাদী এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, আর্থিক খাত এবং কর্মসংস্থানে যে মূল্য সংযোজন হবে তা নিয়ে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে—যে খাতটি বহুদিন ধরেই আমরা গড়ে তুলতে চেয়েছি। এই খাতটি মিতসুবিশি ও র্যাংকনের যৌথ উদ্যোগে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারবে। বাংলাদেশের এই খাতে দীর্ঘদিনের দক্ষতা রয়েছে। সরকার হিসেবে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য একটি পৃথক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছি, যাতে স্থানীয় শিল্পের উন্নয়ন হয় এবং বিশ্বব্যাপী মোটরযান শিল্পেও আমরা সরবরাহ দিতে পারি। এই যৌথ উদ্যোগ দিয়েই আমরা শুরু করতে পারি, এটি একটি বড় সম্ভাবনা।
অনুষ্ঠানে অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে মিতসুবিশি কর্পোরেশন এখন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে।
চুক্তি অনুযায়ী, মিতসুবিশি কর্পোরেশন কোম্পানিটির ২৫ শতাংশ শেয়ারের বিনিময়ে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছে। এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো উৎপাদন সক্ষমতা বাড়ানো, ডিস্ট্রিবিউশন ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং দেশীয় গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া। পাশাপাশি আঞ্চলিক বাজারেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগকে দেশের অটোমোটিভ শিল্পের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
মিতসুবিশি কর্পোরেশন-এর এই কৌশলগত বিনিয়োগ ডিস্ট্রিবিউশন, সেলস এবং মার্কেটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সাপ্লাই চেইনের স্থিতিশীলতা বৃদ্ধি করবে। পাশাপাশি তাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও বাজার প্রবেশাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে মিতসুবিশি কর্পোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিভিশন সিওও হিরোয়ুকি এগামি জানান, বিশ্বের বিভিন্ন দেশে অটোমোটিভ খাতে তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা রেইল-এর সাথে অংশীদারিত্ব স্থাপনে ইতিবাচক ভূমিকা রেখেছে। এই যৌথ উদ্যোগের সফলতা নিশ্চিতে সবরকম চেষ্টা অব্যাহত রাখবে।

