যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

0
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সময়ে বিশ্ব শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছেন, শান্তি আলোচনা আবার শুরু হবে কি না তা দেখার জন্য।

এদিকে হরমুজ প্রণালি এখনো বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বাজারে নতুন করে হামলা বা সংঘাত শুরুর আশঙ্কা কাটেনি। এ কারণেই তেল ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর যে ধাক্কা লেগেছিল, তা কাটিয়ে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই যুদ্ধের অবসান চায়। কারণ এই সংঘাতের ফলে তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়েছে, যা বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ট্রেড নেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মনে করছেন যুদ্ধ দ্রুত শেষ হবে, অথবা এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে না, যদিও জ্বালানির দাম এখনো উঁচু রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়া ও ইউরোপের দেশগুলো বাড়তি মূল্যস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানা স্ট্রিটার বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও বাজারে উদ্বেগ কমেনি, কারণ জ্বালানি সংকটের প্রভাব নিয়ে দুশ্চিন্তা এখনো রয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here