কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সুপারিভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাসটার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক নারী মমতা বেগম (৫৫)। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী।
ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করে।
পুলিশ জানায়, ওই নারী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারির বস্তার মধ্যে লুকিয়ে পরিবহন করছিলেন বলে গোপন সংবাদ ছিল। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

