হরমুজ প্রণালিতে কনটেইনার জাহাজে ইরানের হামলা

0
হরমুজ প্রণালিতে কনটেইনার জাহাজে ইরানের হামলা

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একটি কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের গানবোট। বুধবার ভোরে সংঘটিত এই হামলার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। 

সংস্থাটি জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি-র একটি গানবোট কোনো ধরনের আগাম রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির খুব কাছাকাছি চলে আসে এবং অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।

ইউকেএমটিও-র প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় জাহাজটির কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হয়নি। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম, অবস্থান কিংবা সেটি কোন দেশের পতাকাবাহী, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি এলাকায় এটিই একমাত্র সংঘাতের ঘটনা নয়। গত শনিবারও ভারত সরকার অভিযোগ করেছিল যে, তাদের দুটি পতাকাবাহী জাহাজ এই প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। 

মূলত মার্কিন ব্লকেড বা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আইআরজিসি এর আগে হুমকি দিয়েছিল যে, দাবি মানা না হলে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। এই উত্তেজনার মধ্যেই বুধবারের এই হামলা আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here