ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় লরির সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া খাতুন (৬৫) ও দেড় বছর বয়সী তৌফিক নামের এক শিশু। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৮ মাস বয়সী এক শিশু ও এক নারী নিহত হন। দুর্ঘটনার পরপরই লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষেই হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুটির বয়স ছিল প্রায় ১৮ মাস। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে।

