নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মৌচাক ছালু হাজী রোড এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, সাধারণত এ ধরনের আয়োজনে এত মানুষের উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু এখানে কমিটির সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।
মসজিদের প্রতি মানুষের এমন আগ্রহ তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী মসজিদটি বহুতল ভবনে রূপ নেবে—এটাই সবার কামনা।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় তিনি এলাকাবাসীর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি আহসান কাসেমী, মুফতি মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হাফেজ জাহির আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল খায়ের শান্ত, মুফতি কাসেম আল হুসাইন, মুফতি জুনায়েদ হোসাইন, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি আরিফ জামিল, হাফেজ মাওলানা হাদী জামান, হাজী দুলাল মিয়া, মাওলানা আরিফ উল্লাহ কাসেমী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুক্তার হোসেন, এনামুল হক, জুয়েল, মহিউদ্দিন ও আনসার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

