কানাডার ক্যালগারিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বৈশাখী মেলা ও বর্ষবরণ। অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন আলবার্টা প্রদেশের প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) ড্যানিয়েল স্মিথ। তার উপস্থিতি প্রবাসী বাঙালিদের মাঝে বাড়তি আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।
গতকাল শনিবার (স্থানীয় সময়) শহরের ডেরা ব্যাংকুয়েট হলে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি এ আয়োজন করে। প্রবাসের মাটিতে বাঙালির কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
মেলার সাংস্কৃতিক পর্বে প্রধান আকর্ষণ ছিলেন ফিডব্যাক ব্যান্ডের কিংবদন্তি শিল্পী মাকসুদ। তার পরিবেশনায় মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই মেলায় ছিল বাঙালির চিরাচরিত হরেক রকমের স্টল ও খাবারের আয়োজন। মূল আকর্ষণ ছিল বৈশাখী শোভাযাত্রা।
কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙালিরা মেতে উঠে আনন্দ উৎসবে। মধ্যরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, এই উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করেছি।
সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। বিদেশের মাটিতেও আমরা আমাদের প্রতিটি উৎসব এভাবেই তুলে ধরতে চাই।

