আমাদের আশা এখনও টিকে আছে: গার্দিওলা

0
আমাদের আশা এখনও টিকে আছে: গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে পেপ গার্দিওলার দল ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনালকে। আর তাতেই লিগ শিরোপার লড়াইটা দারুণভাবেই জমে উঠল।

আর্সেনালের পয়েন্ট এখন ৭০, আর এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৬৭। জয়ের পর স্বস্তি ঝরছে পেপ গার্দিওলার কণ্ঠে। 

বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমাদের আশা এখনও টিকে আছে। তবে সত্য এটাই যে, আমাদের সূচি ছিল ভয়াবহ এবং আমরা টেবিলের শীর্ষে নেই। এখন পর্যন্ত ওরাই ইংল্যান্ডের সেরা দল, তবে আমরা লড়াইটা শেষ পর্যন্ত টেনে নেওয়ার সুযোগ তৈরি করেছি।’

সম্প্রতি কারাবাও কাপেও সিটির কাছে হেরেছিল গানাররা। সেই হারের প্রতিশোধ নেওয়ার ক্ষুধা আজ আর্সেনালের খেলায় দেখা যায়নি বললেই চলে। গার্দিওলা এ প্রসঙ্গে বলেন, ‘ওরা আগের হারের ক্ষুধা নিয়ে এখানে এসেছিল, কিন্তু জয়টা আমাদেরই হলো। ওরা কতটা লড়াকু তা আমরা জানি, তবে আমরাও কম নই।’

ইতিহাদে সিটির জয়ের নায়ক রায়ান চেরকি ও আর্লিং হলান্ড। ম্যাচের পুরোটা সময় পজিশন ও আক্রমণে এগিয়ে থাকা শিষ্যদের অভিনন্দন জানিয়ে গার্দিওলা যোগ করেন, ‘পয়েন্ট টেবিলই সব বলে দিচ্ছে। তবে ফোকাস হারানো চলবে না। বুধবার আমাদের হাতে থাকা ম্যাচটি জিততে পারলে আমরা ওদের সমকক্ষ হতে পারব। যদিও সামনে এভারটন, ব্রেন্টফোর্ড বা ভিলার মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। সামনের পথটা আরও কঠিন হতে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here