ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে এভারটনের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল। যোগ করা সময়ের শেষ দিকে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর লিগে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় সফরকারীরা।
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল এভারটন। ষষ্ঠ মিনিটে বেতোর হেড দুর্দান্তভাবে ঠেকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। পরে জেমস তারকোভস্কির হেডও রুখে দেন তিনি। ২৭তম মিনিটে ইলিমান এনজায়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়।
এর কিছুক্ষণ পরেই সুযোগ কাজে লাগায় লিভারপুল। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আক্রমণ গড়ে তুলে সালাহকে দিয়ে গোল করায় দলটি।
বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় এভারটন। কিয়েরনান ডিউসবুরি-হলের ক্রস থেকে কাছ থেকে গোল করেন বেতো।
সমতায় ফেরার পর দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেললেও নির্ধারিত সময়ে আর গোল পায়নি কেউ। তবে যোগ করা সময়ের দশম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে লিভারপুলকে জয় এনে দেন ফন ডাইক।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো জয় পেল লিভারপুল। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে এভারটন।

