কুমিল্লার বুড়িচং উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
শনিবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, ৮-১০ জনের ডাকাত দল শনিবার রাতে তার বাড়িতে হানা দেয়। তারা প্রথমে বাড়ির প্রধান গেট ও ঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। তারা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারি, ওয়ারড্রোব ও স্যুটকেসের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
তিনি জানান, তার তিন ছেলে ইতালিতে প্রবাসে অবস্থান করছেন। তাদের পাঠানো কষ্টার্জিত টাকা, পরিবারের নারীদের স্বর্ণালংকার এবং মসজিদের জন্য রক্ষিত কিছু অর্থও ডাকাত দল লুট করে নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

