একইসময়ে চলছে জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। আইপিএলে সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের পিএসএলে ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি। এ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করার পর শামার জোসেফের বদলি হিসেবে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। কিন্তু পরবর্তীতে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। ইসলামাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও আইপিএলে খেলতে যাওয়ায় তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি।
তবে পিসিবির চুক্তিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছে মুজারাবানির এজেন্ট ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ। মুজারাবানির এজেন্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের কড়া জবাব দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পিসিবি এবং পিএসএল আয়োজকদের সঙ্গে ঝামেলা এড়াতে গত ছয় সপ্তাহ চুপ ছিলাম। তবে ক্রিকেটারকে নিয়ে যে সমালোচনা চলছে, তা সত্যিই বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য।’
বিবৃতিতে দাবি করা হয়, ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে মুজারাবানির প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনা ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্তসাপেক্ষে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চুক্তিপত্র (ফরমাল কন্ট্রাক্ট) প্রদান করা হয়নি। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব গ্রহণ করেন।
তার এজেন্ট রব হামফ্রিসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ অনাপত্তিপত্রের আবেদন করার জন্য চুক্তিপত্রের প্রয়োজন হয়। পিএসএল আমাদের কোনো চুক্তিপত্র পাঠায়নি। তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি করার ঘোষণা করে দেওয়া হয়।’
পিসিবির দেওয়া শাস্তি মওকুফের আবেদনও করা হয়। বলা হয়, ‘আমরা মনে করি, পিএসএল নিষিদ্ধ করে একটু বেশি বেশিই করে ফেলেছে। অতীতে যারা চুক্তিভঙ্গ করেছেন, তাদের সঙ্গে মুজারাবানির বিষয়টির কোনো মিল নেই। এই শাস্তির কোনো যুক্তি নেই। আমরা এখনও পিএসএল কর্তৃপক্ষকে অনুরোধ করব, মুজারাবানির শাস্তি প্রত্যাহার করা হোক।’
আইপিএলে এখন ৮ ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মাত্র ২ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেম ব্লেসিং মুজারাবানি।

