জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ নিয়ে মঞ্চে আবেগঘন আয়োজন

0
জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ নিয়ে মঞ্চে আবেগঘন আয়োজন

বাংলার মাটি, মানুষের ভালোবাসা আর চিরন্তন বিরহের গল্প—সব মিলিয়ে এক আবেগঘন সন্ধ্যার সাক্ষী থাকল রাজধানী। পল্লিকবি জসীম উদ্দীনের অমর কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ নতুনভাবে মঞ্চে ফিরে এলো। সেখানে দর্শকরা যেন হারিয়ে গেলেন গ্রামবাংলার সহজ-সরল জীবনের ভেতরে।

আন্তর্জাতিক নৃত্য দিবস এবং জসীম উদ্দীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ‘মায়া বেঙ্গল ইন মোশন’-এর তৃতীয় আসর। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার আলোকি কনভেনশন সেন্টারে।

এবারের আয়োজন পুরোপুরি উৎসর্গ করা হয় জসীম উদ্দীনের স্মৃতির প্রতি। ‘নকশী কাঁথার মাঠ’ তার অন্যতম শ্রেষ্ঠ কাজ এবং বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত। এটিকে লোকনৃত্যনাট্যের মাধ্যমে আবার মঞ্চে তুলে ধরা হয়। এতে রূপাই ও সাজুর প্রেম আর বিচ্ছেদের হৃদয়স্পর্শী গল্প জীবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। পুরো পরিবেশনার পরিকল্পনা করেন আনিসুল ইসলাম হিরু। গান, নাচ এবং গল্প বলার সুন্দর সমন্বয়ে তারা গ্রামবাংলার সৌন্দর্য তুলে ধরেন সহজ ও হৃদয়গ্রাহীভাবে।

শুরু থেকেই ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত মায়া স্থানীয় শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করছে। এখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি দেশ-বিদেশে পরিচিত হওয়ার পথও খুলছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন এমডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, মায়া দেশের মানুষের কাছে উন্নত মানের প্রাকৃতিক পণ্য পৌঁছে দিতে কাজ করছে এবং সংস্কৃতি চর্চার এমন উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাবে।

পুরো আয়োজনটি দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। অনুষ্ঠানটি আগামী ২৯ এপ্রিল মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here