রোমাঞ্চ, নাটকীয়তা আর শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম মৌসুম পর ট্রফি ঘরে তোলে তারা।
শনিবার সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সোসিয়েদাদ। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডে আন্দের বারেনেক্সিয়ার গোলে চমকে যায় আতলেতিকো। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি দিয়েগো সিমেওনের দল। ১৮তম মিনিটে আদেমোলা লুকমান গোল করে সমতা ফেরান।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ফলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে বাস্ক দলটি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আতলেতিকো। অবশেষে ৮৩তম মিনিটে হুলিয়ান আলভারেস দুর্দান্ত শটে গোল করে ম্যাচে দ্বিতীয়বার সমতা ফেরান। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো দল গোল করতে পারেনি।
টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। আতলেতিকোর প্রথম দুই শটই ঠেকিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা উদযাপন করে সোসিয়েদাদ।
এটি রিয়াল সোসিয়েদাদের কোপা দেল রেতে চতুর্থ শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে ৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ট্রফি জিতেছিল তারা।
অন্যদিকে, ১০ বারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ শেষবার এই শিরোপা জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। ফলে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

