চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিট মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। সম্প্রতি প্রকাশিত শেয়ারহোল্ডারদের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা প্রায় ৮২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মূলত একটি বড় ব্যবসায়িক চুক্তি বাতিল হওয়ায় উল্লেখযোগ্য অঙ্কের জরিমানা পাওয়া এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এ প্রান্তিকে নেটফ্লিক্সের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রাজস্ব বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ। নতুন গ্রাহক যুক্ত হওয়া, সেবার মূল্য বৃদ্ধি এবং বিজ্ঞাপন খাত থেকে আয় বাড়ার ফলে এই উন্নতি সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে এবারের মুনাফা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে একটি চুক্তি বাতিল হওয়া। চুক্তিটি কার্যকর না হওয়ায় নেটফ্লিক্স প্রায় ২৮০ কোটি ডলারের বিচ্ছেদ ফি পেয়েছে। এই অর্থ কোম্পানির অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত হওয়ায় নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ কোটি ডলার, যা গত বছর ছিল ২৮৯ কোটি ডলার।
ফলে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২৩ ডলার, যা বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।
এছাড়া কোম্পানিটি জানিয়েছে, তাদের পরিচালন আয় ১৮ শতাংশ বেড়ে ৩৯৬ কোটি ডলারে পৌঁছেছে। দ্বিতীয় প্রান্তিকে ১ হাজার ২৫৭ কোটি ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নেটফ্লিক্স আশা করছে, ২০২৬ সালের শেষ নাগাদ তাদের মোট রাজস্ব আয় ৫০৭ কোটি থেকে ৫১৭ কোটি ডলারের মধ্যে থাকবে।
বিশ্লেষকদের মতে, গ্রাহক সংখ্যা বৃদ্ধি, নতুন কনটেন্ট এবং বিজ্ঞাপনভিত্তিক সেবা সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হবে।
সূত্র : দ্য হলিউড রিপোর্টার

