কলাপাড়া স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

0
কলাপাড়া স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত ১২ এপ্রিল সকালে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। কুয়াকাটা মহাসড়কে একটি গরু মোটরসাইকেলের সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

কলাপাড়া হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি টিম নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলযোগে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে বের হন ডা. শংকর। কলাপাড়া হাসপাতাল থেকে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কে দৌড়ে এলে বাইকচালক নিয়ন্ত্রণ হারান। এতে ডা. শংকর প্রসাদ সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ডা. শংকর প্রসাদ অধিকারীর স্ত্রী অর্পিতা হালদার, যিনি একজন ব্যাংক কর্মকর্তা, দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘গাড়ি থাকলে হয়তো আমার স্বামী এমন দুর্ঘটনার কবলে পড়তেন না।’ তিনি দুই ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। ডা. শংকর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২৮তম বিসিএসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০০৫ সালে অর্পিতা হালদারের সঙ্গে তার বিয়ে হয়।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী বেল্লাল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রকল্পের গাড়ি থাকলেও তা গত ২২ মাস ধরে পড়ে রয়েছে। প্রকল্প বন্ধ থাকায় চালক ও জ্বালানি বরাদ্দ নেই। এই গাড়িটি সচল থাকলে স্বাস্থ্য কর্মকর্তাদের কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে মোটরসাইকেলের ঝুঁকি নিতে হতো না।

কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ববি মালাকার বলেন, ‘ডা. শংকর প্রসাদ অধিকারীর শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমরা নিয়মিত তার চিকিৎসার খোঁজ নিচ্ছি এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here