সিটির ট্রেবল জেতা মৌসুমের সব পদক নিলামে

0
সিটির ট্রেবল জেতা মৌসুমের সব পদক নিলামে

ম্যানচেস্টার সিটির জন্ম উনিশ শতকে। ইংল্যান্ডের পুরোনো ক্লাবগুলোর একটি হলেও এই দলটি নিজেদের ইতিহাসে প্রথম ট্রেবল জিতেছে ২০২২–২৩ মৌসুমে। ইতিহাসগড়া মৌসুমটিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপের পাশাপাশি উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছিল সিটি।

এবার ট্রেবল জেতা সেই মৌসুমের পাঁচটি পদকই বিক্রি করে দিচ্ছেন একজন। ক্রীড়া স্মারক নিলামকারী প্রতিষ্ঠান ‘বাডস’ জানিয়েছে, পাঁচটি মেডেলের একটি ‘অবিশ্বাস্য এবং ঐতিহাসিক সেট’ চলতি মাসের শেষের দিকে নিলামে তোলা হবে। এই লটটি ‘মেড ইন ম্যানচেস্টার লাইভ’ নিলামের অংশ হিসেবে বিক্রি করা হবে। ২৮ এপ্রিল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাডসের পক্ষ থেকে মেডেলগুলোর ছবি প্রকাশ করা হয়েছে, প্রিমিয়ার লিগের মেডেলটি এর আসল বক্সসহ পাওয়া যাবে, যার উল্টো পিঠে ‘Champions 2022/23’ লেখা রয়েছে। চ্যাম্পিয়নস লিগের মেডেলটিতেও খোদাই করা লেখা এবং রিবন আছে। এ ছাড়া এফএ কাপের মেডেলটিতে একটি রিবন ও এর নিজস্ব ফিটেড কেস আছে।

ডেইলি মেইল স্পোর্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাডস নিশ্চিত করেছে, এই মেডেলগুলো ট্রেবল মৌসুমের একটি অফিশিয়াল সেট। ২০২২–২৩ মৌসুমে সিটিতে থাকা খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের প্রত্যেকে এই পদকগুলো পেয়েছিলেন। তবে ঠিক কোন খেলোয়াড় বা স্টাফ তাঁর পদকগুলো বিক্রি করে দিচ্ছেন, তা প্রকাশ করেনি বাডস।

নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মেডেলের এই চমৎকার সংগ্রহটি সংগ্রাহক, ভক্ত এবং ফুটবল ইতিহাসের সিরিয়াস বিনিয়োগকারীদের জন্য এক বিরল সুযোগ করে দিয়েছে। আমরা এই নিলামটি আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আশা করছি এটি নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাবে।’

২৮ এপ্রিলের নিলামে ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ হাজার পাউন্ড। বাডসের অনুমান, মেডেলগুলো ৫০ থেকে ৮০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে।
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ২০২২-২৩ মৌসুমে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ম্যান সিটি এফএ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ২-১ গোলে। মৌসুমের শেষ দিকে ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে রদ্রির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here