যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভরকে দলে টানছে বাফুফে

0
যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভরকে দলে টানছে বাফুফে

প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় নতুন আরেকটি নাম যোগ হতে যাচ্ছে। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলামদের পর এবার বাংলাদেশ দলের জন্য ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভর ইসলামকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে এই ফুটবলারের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করেছে। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই খেলোয়াড়ের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ট্রেভর এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার মূলত সেন্টার ফরোয়ার্ড হলেও দুই প্রান্তের উইংয়েও খেলতে পারেন।

আক্রমণভাগে কার্যকর বিকল্পের খোঁজে থাকা বাংলাদেশের জন্য তাই সম্ভাবনাময় নাম হিসেবে বিবেচনায় আনা হচ্ছে তাকে।
ফাহাদ করিম জানান, গত বছরের ১২ ডিসেম্বর প্রথমবার ট্রেভর তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকেই নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘১২ ডিসেম্বর ট্রেভর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তখন থেকেই আমাদের নিয়মিত কথা হচ্ছে। গত রাতেও তার সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে। ডিসেম্বর থেকেই আমরা তার সম্মতি নিই, এরপর প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু করি। গত ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধন এবং পরিবারের প্রয়োজনীয় সদস্যদের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে।’

এখন চলছে পাসপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতার কাজ, যা মে মাসের মধ্যে শেষ হতে পারে। তবে চলতি বছরই জাতীয় দলে তাকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। পড়াশোনা ও ক্লাব কমিটমেন্টের কারণে আসন্ন আন্তর্জাতিক উইন্ডোগুলোতে তার অংশগ্রহণ কঠিন বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা।

ফাহাদ করিম বলেন, ‘এই বছর তাকে পাওয়া কঠিন হবে। পড়াশোনা ও এনসিএএ লিগে নিয়মিত খেলার কারণে তার ব্যস্ততা আছে। বিশ্ববিদ্যালয় দলের প্রতি তার প্রতিশ্রুতি রয়েছে। জুন উইন্ডোতে পাওয়া যাবে না, সেপ্টেম্বরও কঠিন। তবে নভেম্বর উইন্ডো নিয়ে আমরা কিছুটা আশাবাদী। সে সময় সে আসতে পারে। আর আগামী বছর অবশ্যই তাকে পাওয়া যাবে।’

এর আগে অনূর্ধ্ব-২০ দলেও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির নজির তৈরি হয়েছে। সম্প্রতি দেশের বাইরে খেলা রোনান সুলিভান ও ডেকলান সুলিভান সেই দলে প্রতিনিধিত্ব করেছেন। সেই ধারাবাহিকতায় এবার সিনিয়র দলের আক্রমণভাগে নতুন সম্ভাবনা হিসেবে যুক্ত হতে পারেন ট্রেভর ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here