বাংলাদেশ-সারাওয়াক নবায়নযোগ্য জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার উদ্যোগ

0
বাংলাদেশ-সারাওয়াক নবায়নযোগ্য জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার উদ্যোগ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দেশটির বৃহত্তম প্রদেশ সারাওয়াকের রাজধানী কুচিংয়ে প্রধানমন্ত্রী (প্রদেশ) ইয়াবি দাতুক পাতিঙ্গি তান স্রি (ডক্টর) আবাং হাজি আব্দুর রহমান যোহারি বিন তুন আবাং হাজি ওপেং এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। অত‍্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সম্পর্ক উন্নয়নের আগ্রহ ও প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। 

বৈঠকে দুই পক্ষ কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শ্রমিক অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করে। হাইকমিশনার বাংলাদেশের কৃষি এবং মানবসম্পদ শক্তির কথা তুলে ধরেন এবং সারাওয়াকের উন্নয়নে বিশেষ করে দক্ষ, অর্ধদক্ষ এবং সাধারণ শ্রমিকের সরবরাহ বাড়ানোর মাধ‍্যমে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা ব‍্যক্ত করেন।

সারাওয়াকের প্রধানমন্ত্রী সারাওয়াক উন্নয়ন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রস্তাবিত সহযোগিতাকে স্বাগত জানান। তিনি নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং সারাওয়াকের শ্রমিক চাহিদা মেটাতে দক্ষ ও সাধারণ শ্রমিক হিসেবে আরও বাংলাদেশি নিয়োগের প্রস্তাবে নীতিগত সম্মতি দেন।

প্রধানমন্ত্রী অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবকে স্বাগত জানান। দুই পক্ষ কৃষি খাতে সহযোগিতার জন্যেও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এছাড়া, তারা নবায়নযোগ্য জ্বালানিতে সম্ভাব্য সহযোগিতা, বিশেষ করে সৌরশক্তিসহ টেকসই ও সবুজ প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা বিনিময় নিয়ে কথা বলেন ।

বৈঠক শেষে দুই পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে এবং আলোচনাকে বাস্তবায়িত করতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে অন্যান্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) দাতুক গেরাওয়াত গালা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে হাইকমিশনার মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং ফেডারেশন (এফএমএম) এবং সারাওয়াক বিজনেস ফেডারেশন (এসবিএফ)-এর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন, যেখানে বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে পারস্পরিক সুবিধাজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here