লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা-খাল দখলের অভিযোগ

0
লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাস্তা-খাল দখলের অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি রাস্তা ও খাল দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার বাসুদিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনা ঘেঁষে পুরাতন ওই রাস্তা দখল করার পাশাপাশি ফুলকুচি-মিঠুসার খালের অংশ দখল করেছেন তিনি। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরে উত্তেজিত গ্রামবাসী চড়াও হলে অভিযুক্ত চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগ করেন।

শুক্রবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ধশতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক মানুষের একমাত্র যাতায়াতের পথ এই রাস্তা। মসজিদ, স্কুল, কলেজ ও বাজারে যেতে প্রতিদিন এই পথ ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে খাল দখলের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। একই সঙ্গে পুরাতন রাস্তা নিজের বাড়ির আঙিনার অংশ হিসেবে দখল করে খালের পাশ দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এছাড়া রাস্তার মুখে দুটি খুঁটি বসিয়ে যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুজ্জামান লাভলু জানান, দীর্ঘ ২০০ বছরের পুরাতন রাস্তা দখল করে সে দেওয়াল দিচ্ছে। কৌশলে একটু একটু করে দখল করছিল। গ্রামবাসী মিলে তার দখলে বাধা দিয়েছে। একপর্যায়ে সে প্রভাব খাটানোর চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার ওপর চওড়া হয়ে ওঠে। পরে তিনি তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে সরে যান। 

অভিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুরোটাই সরকারি রাস্তা ঠিক আছে। তবে স্থান পরিবর্তন করছি, রাস্তা তো বন্ধ করছি না। পাশেই রয়েছে খাল তাই খালের পাশ দিয়ে রাস্তা দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, বিষয়টি আমরা অবগত রয়েছি। চেয়ারম্যানকে বলা হয়েছে, দ্রুত দখলমুক্ত করতে অন্যথায় আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। পরে চেয়ারম্যান সাহেব কাজ বন্ধ রেখেছেন, রাস্তা দখলমুক্ত করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। 

তিনি আরও জানান, তাকে সময় দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে দখলমুক্ত না করলে সরকারিভাবে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে আরও জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা মামলায় ২০২৪ সালের ২৪ অক্টোবর তিনি গ্রেফতার হন। প্রায় দেড় মাস কারাবাসে থেকে তিনি অস্থায়ীভাবে জামিন পেয়ে আবারও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here