শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা।
সোমবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে “সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জানানো হয়, যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতির জন্য একযোগে আবেদন করছে। এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে। তিনি আরও বলেন, বিএসির স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা প্রশংসনীয়। ভবিষ্যতে সব বিভাগই এ স্বীকৃতি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি সম্পদসমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, তা পালন করতে হবে। দায়বদ্ধতা থেকেই দেশপ্রেমের সূচনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে পৃথক উপস্থাপনা তুলে ধরেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক ও ড. ফারহানা ইয়াসমিন।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

