উসাইন বোল্টের রেকর্ড ভেঙে গড়লেন নতুন ইতিহাস, কে এই গাউট?

0
উসাইন বোল্টের রেকর্ড ভেঙে গড়লেন নতুন ইতিহাস, কে এই গাউট?

রেকর্ড গড়ে, ভেঙেও যায়। পৃথিবীর প্রায় প্রতিটি রেকর্ড কোনো না কোনো সময় ভেঙে গেছে। দৌড়বিদ উসাইন বোল্টের গতির বিশ্বরেকর্ড এতদিন মনে হচ্ছিল অক্ষুণ্ণই থেকে যাবে। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়ে অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন তরুণ স্প্রিন্টার গাউট গাউট। 

২৩ বছর বয়সের আগে ২০০ মিটার দৌড়ে বোল্টের সেরা রেকর্ড ছিল ১৯.৯৩ সেকেন্ড। সেই রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী গাউট গাউট। রবিবার ফাইনালে অনূর্ধ্ব-২০ ক‍্যাটাগরিতে ২০০ মিটার দৌড় শেষ করে ফেললেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে।

বাতাসের সহায়তা ছাড়া এই প্রথম ২০ সেকেন্ডের কম সময় নিয়ে ২০০ মিটারে দৌড় শেষ করলেন গাউট। চলতি বছরে সারা বিশ্বেই সবচেয়ে কম সময়ে ২০০ মিটার শেষ করলেন তিনি। গত বছর ১৯.৮৪ সেকেন্ড সময় নেন তিনি, সেবার অবশ‍্য বাতাসের সহায়তা পান তিনি।

২০২৪ সালে আলোচনায় আসেন গাউট। সেবার ১৬ বছর বয়সী কারও জন‍্য সবচেয়ে কম- ২০.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার শেষ করেন তিনি। রোববার দারুণ কীর্তি গড়ার দিনে তিনি পেছনে ফেললেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্টকে। ২০০৪ সালে জ‍্যামাইকান গতিতারকা সময় নেন ১৯.৯৩ সেকেন্ড।

১৭ বছর বয়সে সেই সময়ের বিশ্ব জুনিয়র রেকর্ড গড়েন বোল্ট। টিনএজার হিসেবে এর চেয়ে কম সময়ে আর দৌড় শেষ করতে পারেননি তিনি। তবে পরবর্তীতে অনেকবারই এর চেয়ে কম সময় নেন তিনি।

অনূর্ধ্ব-২০ কারও জন‍্য সবচেয়ে কম সময়ে ২০০ মিটার দৌড়ানোর কীর্তি ছিল যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের। ২০২২ সালের ১৯.৬৯ সেকেন্ড সময় নেন তিনি। গাউট ছাড়িয়ে গেলেন তাকে। তার পেছনে থেকে দ্বিতীয় হওয়া এইডেন মার্ফিও ২০ সেকেন্ডের কম সময় নেন। দৌড় শেষ করতে তার সময় লাগে ১৯.৮৮ সেকেন্ড।

বাবা-মা দক্ষিণ সুদানের, গাউটের জন্ম কুইন্সল‍্যান্ডে। তিনি অপেক্ষা করছিলেন এমন কিছুর জন‍্যই।

“অস্ট্রেলিয়ায় আমাদের অবিশ্বাস‍্য সব অ‍্যাথলেট আছে। এদের সঙ্গে দৌড়ানোর সুযোগ পাচ্ছি এবং একে অন‍্যকে নিজেদের সবটুকু দিতে তাড়িত করছি।”

“আমার কাঁধ থেকে বিশাল বোঝা সরে গেল। জানতাম যে, আমি বাতাসের সাহায‍্য ছাড়াই দৌড়াতে পারব। আমার সেই গতি এবং শরীর আছে এমনভাবে দৌড়ানোর জন‍্য। তাই, অবশ‍্যই দারুণ অনুভূতি হচ্ছে এবং আরও বেশি কিছুর জন‍্য তৈরি।”

গাউট আভাস দেন যে, অগাস্টে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে আগামী জুলাইয়ের কমনওয়েলথ গেমসে অংশ নেবেন না তিনি।

কে এই গাউট গাউট?

গত দুই মৌসুমে অস্ট্রেলিয়ার সবচেয়ে চর্চিত অ্যাথলিটদের মধ্যে একজন হলেন গাউট গাউট। জুনিয়র র‍্যাঙ্কিং থেকে জাতীয় স্তরে বয়সভিত্তিক বিভাগ, সবেতেই নজর কেড়েছেন তিনি। মূলত রেসের দ্বিতীয় ভাগে নিজের সেরা ছন্দে আসার জন্য পরিচিত তিনি।

ইংরাজি বানান অনুযায়ী এই তরুণ স্প্রিন্টারের নামের উচ্চারণ হয় ‘গাউট’। কিন্তু তার বাবা বোনা গুওটের কথায়, ‘আমরা যখন দক্ষিণ সুদান ছেড়ে মিশরে যাই অস্ট্রেলিয়া আসার আগে, সেই সময়ে সরকারি নথিতে ভুল করে নামের বানান গাউট লেখা হয়েছিল। আসলে বানান আলাদা, উচ্চারণ গুওট।’ তবে এখন গাউট গাউট নামেই পরিচিত তিনি।

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২০০ মিটার রেস ২০ সেকেন্ডের কম সময়ে শেষ করার রেকর্ড গড়লেন তিনি। রবিবার ১৯.৬৭ সেকেন্ডে শেষ করেন রেস। এর ফলে অনূর্ধ্ব-২০ স্তরে এখন বিশ্বে দ্রুততম তিনিই। এই বয়সেই এমন প্রতিভার পরিচয় দেওয়ায় ভবিষ্যতে তাকে নিয়ে আরও বাড়ছে প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here