ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়ম লঙ্ঘনের অভিযোগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজস্থান রয়্যালস শিবির। ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে দলের টিম ম্যানেজার রোমি ভিন্দরের বিরুদ্ধে।
গত শুক্রবার গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন ভিন্দর। তার পাশেই ছিলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।
পরবর্তীতে তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ম্যাচ চলাকালীন ডাগআউটে ফোন ব্যবহার করে তিনি লিগের নিয়ম ভঙ্গ করেছেন। বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী, ডাগআউট এলাকা উচ্চ-নিরাপত্তা অঞ্চল হিসেবে বিবেচিত এবং সেখানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ড্রেসিংরুমে সীমিত ব্যবহারের সুযোগ থাকলেও ডাগআউটে তা অনুমোদিত নয়।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, বিষয়টি অনিচ্ছাকৃত হলেও এটি স্পষ্ট নিয়ম লঙ্ঘন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ নিষেধাজ্ঞা পর্যন্ত যেকোনো শাস্তি হতে পারে।
ঘটনাটি আরও গুরুত্ব পায় যখন ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশনে বৈভব সূর্যবংশী ভিন্দরকে নিজের স্থানীয় অভিভাবক হিসেবে উল্লেখ করেন। এতে তার ভূমিকা নিয়ে অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে সাবেক আইপিএল কমিশনার ললিত মোদি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী ইউনিট ইতোমধ্যে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

