ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধের প্রভাব থেকে বিশ্ববাজার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তার মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আগের দামে ফিরতে সময় লাগবে, বিশেষ করে যেসব অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আরও বেশি সময় প্রয়োজন।
সিবিএসের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ধাক্কা সব দেশে একই রকম নয়। কোথাও সরবরাহ ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কম। তাই মূল্যস্তর আগের অবস্থায় নামতে সময়ের ব্যবধান থাকবে।
তিনি জানান, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাবে। এই হ্রাস কতটা হবে, তা মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করবে—সংঘাত কতদিন স্থায়ী হয় এবং উৎপাদন আগের স্তরে কত দ্রুত ফিরতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পূর্ণ নৌ অবরোধ শুরু করবে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে প্রতিরোধ এলে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। ফলে গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

