বুন্দেসলিগার ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করলেন মারি লুইস এইতা। ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ইউরোপের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে পুরুষ দলের ডাগআউট সামলাবেন তিনি।
রবিবার রাতে টেবিলের নিচের দল এফসি হেইডেনহেইমের বিপক্ষে ৩-১ গোলে হারের পর কোচ স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করে ইউনিয়ন বার্লিন। তার স্থলাভিষিক্ত হিসেবে মৌসুমের বাকি অংশে দায়িত্ব পালন করবেন মারি লুইস এইতা।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে ইউনিয়ন বার্লিনের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ৩৪ বছর বয়সী মারি লুইস। বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হওয়ার গৌরবও অর্জন করেছিলেন তিনি। এবার নিজেকে আরও ছাড়িয়ে গেছেন এই জার্মান কোচ।
২০২৪ সালের জানুয়ারিতে তখনকার ম্যানেজার নেনাদ বজেলিকার নিষিদ্ধ হয়েছিলেন। সেই সময় ডার্মস্টাডের বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে প্রথম নারী হিসেবে দল পরিচালনা করার কৃতিত্ব দেখান এইতা।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন লিগ জেতেন এইতা। গত বছরের জুলাই থেকে ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।
১৮ দলের বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিন এখন টেবিলের ১১ নম্বরে রয়েছে। ২০২৬ সালে শেষ ১৪টি লিগ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা।
দায়িত্ব নিয়ে দলের কঠিন পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মারি লুইস এটা বলেন, পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনো নিরাপদ নয়। তবে ক্লাবের এই বিপদে আমার ওপর আস্থা রাখায় আনন্দিত। আমি বিশ্বাস করি, সবাই মিলে আমরা প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারব।

