ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট

0
ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এল মেটা। এখন থেকে কমেন্ট করার পর ১৫ মিনিটের মধ্যে তা এডিট বা সংশোধন করা যাবে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে যোগ হওয়া একাধিক ফিচারের মধ্যে এ ফিচারটি সর্বশেষ সংযোজন। তবে এ সুবিধা কেবল কমেন্ট করার পরবর্তী ১৫ মিনিট পর্যন্তই কার্যকর।

পদ্ধতিটি অনেকটা ইনস্টাগ্রামে ২০২৪ সালে চালু করা মেসেজ এডিট ফিচারের মতোই। ২০১৩ সালে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ বা ডিএম চালু হওয়ার দীর্ঘ ১১ বছর পর মেসেজ এডিটের সুবিধাটি এসেছিল।

ব্যবহারকারী কেবল নিজের অ্যাকাউন্ট থেকে করা কমেন্টগুলোই এডিট করতে পারবেন এবং এর প্রক্রিয়াটিও বেশ সহজ। নিজের করা কমেন্টের নিচে থাকা ‘এডিট’ শব্দটির ওপর ট্যাপ করলেই একটি টেক্সট বক্স খুলে যাবে, যেখানে কমেন্টটি পরিবর্তন করা যাবে।

এরপর নীল রঙের ‘চেক মার্ক’-এ চাপ দিলেই তা সেইভ হবে। মেটা বলেছে, ওই ১৫ মিনিটের মধ্যে ব্যবহারকারী যতবার ইচ্ছা নিজের কমেন্টটি এডিট করতে পারবেন।

ইনস্টাগ্রামের বিভিন্ন জায়গায় কমেন্ট দেখা যায়। ২০২৪ সাল থেকে স্টোরিতেও কমেন্ট দেখা যাচ্ছে। ফলে এগুলো এডিটের সুযোগ দেওয়া ইতিবাচক পদক্ষেপ। এ বছরের মার্চের শুরুতে মেটা এক ঘোষণায় বলেছিল, তারা ইনস্টাগ্রাম ডিএম থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সরিয়ে নিচ্ছে।

এ ছাড়া মাসের শেষ দিকে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের সাবস্ক্রিপশন পরিষেবা নিয়েও পরীক্ষা শুরু করেছে মেটা, যার মাধ্যমে অ্যাপের স্টোরি ফিচারে নতুন কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here