সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টেলিফোন সংলাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নৌ-চলাচলের হুমকির প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই যুদ্ধবিরতির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, টেকসই শান্তির স্বার্থে এই সমঝোতা অবশ্যই মেনে চলতে হবে এবং কালক্ষেপণ না করে এর আওতা লেবানন পর্যন্ত বিস্তৃত করা প্রয়োজন।
আলাপকালে দুই দেশের রাষ্ট্রপ্রধান হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ জলপথগুলোতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নৌ-নিরাপত্তার কোনো বিকল্প নেই বলে তারা একমত হন।
এ ছাড়া পাকিস্তানে চলমান কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে দুই নেতা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করার বিষয়েও সম্মত হয়েছেন। এই ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং একটি স্থায়ী কূটনৈতিক সমাধানের লক্ষ্যে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

