আইপিএলের ১৯তম আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নতুন ইতিহাস গড়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ২৮ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।
ম্যাচের প্রথম বলেই আর্শদীপ সিংকে চার মেরে শুরু করেন অভিষেক। এরপর পাওয়ার প্লেতেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি।
মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে অনন্য এক রেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। আইপিএলের ইতিহাসে ২০ বলের কমে পাঁচটি অর্ধশতক করা একমাত্র ব্যাটসম্যান এখন তিনিই। এর আগে চারটি করে এমন অর্ধশতক রয়েছে নিকোলাস পুরানের। আর তিনটি করে করেছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্রাভিস হেড ও বৈভব সূর্যবংশী।
যদিও আইপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড রয়েছে ইয়াশাসভি জয়সওয়ালের দখলে, তিনি ১৩ বলে এই কীর্তি গড়েছিলেন।
এদিন অৃভিষেকের আটটি ছক্কার মধ্যে সাতটিই আসে প্রথম ছয় ওভারে, যা পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের সমান। এর আগে এই কীর্তি গড়েছিলেন সনৎ জয়সুরিয়া, জস বাটলার ও জনি বেয়ারস্টো।
অন্য প্রান্তে ট্রাভিস হেডও আক্রমণাত্মক ব্যাটিং করেন। দুজন মিলে ৫০ বলে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়েন। হেড ২৩ বলে ৩৮ রান করে আউট হন, এরপর একই ওভারে ফেরেন আভিষেকও।
প্রথম ছয় ওভারে উইকেট না হারিয়ে ১০৫ রান তোলে হায়দরাবাদ। তবে ঝড়ো শুরুর পর শেষদিকে গতি কিছুটা কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে দলটি।

