রংপুর র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আইন উদ্দীনকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আইন উদ্দিন দিনাজপুর কোতয়ালী নুনাইচ কাকিলাদীঘি এলাকার জেলাবদ্দীন মিয়ার ছেলে।
পৃথক অভিযানে ১ হাজার ১১৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, শনিবার সকাল ৭টার দিকে কাকিলাদীঘি এলাকার স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় ২৩৪ বোতল আরসিকাফ প্লাস, ২’শ বোতল ফেন্সিগ্রিপসহ ৪৩৪ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর শেখপুরা ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লালের (৩৪) বসতবাড়ির পার্শ্ববর্তী খালি জায়গায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেন্সিগ্রিপ, ১৬৯ বেতাল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

