সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস করায় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।
বিলটি পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এসময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় করা ৯৮টি অধ্যাদেশ সংশোধনী ছাড়াই পাসের ‘রাজনৈতিক সমঝোতা’ ভেঙে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায় বিরোধী দল।
এ প্রক্রিয়াকে ‘দিনের দুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ ও ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ বলে অভিহিত করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংসদ অধিবেশনে বিলটি পাস হওয়ার পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিলটি উত্থাপন করেন।

