সৌদি প্রো লিগে রেফারিদের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কিছু রেফারি নাকি নির্দিষ্ট একজন খেলোয়াড়ের দিকেই সুবিধা ঝুঁকিয়ে দিচ্ছেন আর সেই নামটি ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেন। তবে এখনো পর্যন্ত সৌদি প্রো লিগের শিরোপা জেতা হয়নি তার। চলতি মৌসুমে সেই অপেক্ষা ঘোচানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ঠিক এই সময়েই উঠেছে পক্ষপাতের অভিযোগ।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকা আল আহলি-এর খেলোয়াড়রা সরাসরি প্রশ্ন তুলেছেন রেফারিদের সিদ্ধান্ত নিয়ে। দলের ইংলিশ স্ট্রাইকার ইভান টনি ম্যাচ পরিচালনায় সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার সতীর্থ গালেনো আরও স্পষ্ট ভাষায় বলেছেন, এই প্রতিযোগিতা যেন একজনের হাতেই শিরোপা তুলে দিতে চায় আর সেই ব্যক্তি রোনালদো।
গত বুধবার আল ফায়হার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল আহলি। ম্যাচ শেষে তাদের অভিযোগ, অন্তত দুটি স্পষ্ট পেনাল্টি দেয়নি রেফারি। এতে পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে তৃতীয় স্থানে।
ম্যাচ শেষে গালেনো সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ‘ট্রফি দিয়ে দাও, এটাই তো তারা চায়। যেকোনোভাবে আমাদের চ্যাম্পিয়নশিপের বাইরে রাখতে চাইছে। তারা একজন ব্যক্তিকে ট্রফি দিতে চায়, যা আমাদের ক্লাবের জন্য অসম্মানের।’
ইভান টনিও একই সুরে কথা বলেছেন। সরাসরি নাম না বললেও ইঙ্গিত পরিষ্কার রেখে বলেন, ‘আমরা সবাই জানি আমরা কাকে তাড়া করছি।’ চলতি মৌসুমে ২৭টি গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা টনি, যেখানে রোনালদো তার চেয়ে চার গোল পিছিয়ে।
পেনাল্টি না পাওয়া নিয়ে টনি বলেন, ‘দুটি পেনাল্টি ছিল দিনের আলোর মতো পরিষ্কার। আমি বুঝতে পারছি না, আর কী হলে তারা পেনাল্টি দেবে!’
রেফারির সঙ্গে কথোপকথন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। টনির দাবি, রেফারি তাদের এশিয়ান প্রতিযোগিতায় মনোযোগ দিতে বলেছেন, যা তার কাছে বিস্ময়কর লেগেছে। তার ভাষায়, ‘রেফারির মনোযোগ অন্য কোথাও ছিল, এটা স্পষ্ট।’
এদিকে লিগের লড়াই জমে উঠেছে। আল নাসর এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল-এর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। ২০১৮-১৯ মৌসুমের পর আর শিরোপা জেতেনি আল নাসর। তাই এবারের মৌসুম তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।
আগামী শনিবার আল ওখদুদ-এর বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল। শিরোপা দৌড়ের উত্তেজনার মধ্যেই রেফারিং বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে সৌদি প্রো লিগে।

