ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

0
ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্দেশনা ও ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে ইরানের সঙ্গে বহুল প্রতিক্ষিত শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ারফোর্স টু-তে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স এই সফরের বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি জানান, ইরান যদি সদুদ্দেশ্যে আলোচনায় অংশ নেয় তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, তবে কোনো ধরনের কৌশল অবলম্বনের চেষ্টা করা হলে ওয়াশিংটন কঠোর অবস্থান নেবে। 

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের রক্তক্ষয়ী সংঘাত থামাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কূটনৈতিক তৎপরতা এই আলোচনার পথ সুগম করেছে।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই ‘ইসলামাবাদ টকস ২০২৬’ উপলক্ষ্যে পাকিস্তান সরকার নজিরবিহীন নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সাংবাদিকদের জন্য দেশটিতে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দেওয়া হয়েছে। বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের ভিসা ছাড়াই বিমানে আরোহণের অনুমতি দেয় এবং ইসলামাবাদ পৌঁছানোর পর তাদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি স্পষ্ট করেছেন যে, এই বিশেষ সুবিধা কেবল মার্কিন ও ইরানি প্রতিনিধিদের জন্যই প্রযোজ্য হবে।

এদিকে সফরকারী প্রতিনিধিদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন-ইরান আলোচনার আয়োজন করা পাকিস্তানের জন্য এক বড় সম্মানের বিষয়। এই আয়োজন ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেড জোন এলাকাটি সেনাবাহিনী ও রেঞ্জার্সের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং মারগালা রোড ব্যতীত সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ও এর পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে ইতোমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং ট্রাফিক চলাচলে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here