ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

0
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

সম্প্রতি প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন না যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জয়লাভ করেছে। 

বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। 

দেশটির চ্যানেল থার্টিনের জরিপ অনুযায়ী, মাত্র ৩৩ শতাংশ মানুষ মনে করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে, যেখানে ২৮ শতাংশ সরাসরি বলছেন এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে। একইভাবে চ্যানেল টুয়েলভ এবং কান ইলেভেন-এর জরিপেও জয়ীদের পক্ষে জনসমর্থন ছিল যথাক্রমে মাত্র ৩০ ও ২৫ শতাংশ।

তিনটি জরিপেই একটি অভিন্ন চিত্র ফুটে উঠেছে যে, অর্ধেকেরও বেশি ইসরায়েলি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন এই যুদ্ধবিরতির বিপক্ষে এবং তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে।

চ্যানেল থার্টিনের তথ্যানুসারে, মাত্র ৩৭ শতাংশ নাগরিক মনে করেন এই যুদ্ধের ফলে ইসরায়েলের কৌশলগত অবস্থান উন্নত হয়েছে, যেখানে ৩৪ শতাংশের মতে দেশের পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। 

জনগণের এই মনোভাব প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনী বছরে যেখানে তিনি বারবার ‘মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়া’ এবং ইরানের ওপর ‘চূড়ান্ত বিজয়ের’ প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেখানে এই জনমত তার নেতৃত্বের ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here