কাশিয়ানীতে জমি বিরোধে সংঘর্ষে নারীসহ আহত ১০

0

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা রূপ নেয় সংঘর্ষে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। 

তিনি আরও জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here