হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

0
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিয়ে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থোডক্স ইস্টার উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তার দেশ এই যুদ্ধবিরতি মেনে চলবে।

ক্রেমলিন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেবে। তার মতে, হুমকিমুক্ত একটি ইস্টার প্রকৃত শান্তির পথে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করতে পারে।

তবে এই যুদ্ধবিরতি নিয়ে সংশয়ও রয়েছে। গত বছরও একই ধরনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সিদ্ধান্ত আগাম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি আলোচনার অংশ নয়।

চার বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে সাময়িক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। একই সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here