টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় গভীর সংকটে পড়েছে ইতালির ফুটবল। এই ব্যর্থতার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেন এবং এক প্রতিবেদনে দেশের ফুটবলের নাজুক অবস্থা তুলে ধরেন।
প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, দীর্ঘদিন ধরে ইতালির ফুটবল কাঠামোগত দুর্বলতায় ভুগছে এবং ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক প্রতি বছর প্রায় ৭৩০ মিলিয়ন ইউরোর বেশি ক্ষতির মুখে পড়ছে পুরো ব্যবস্থা। ফলে অবকাঠামো উন্নয়ন, প্রতিভা গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
আরেকটি বড় সমস্যা হিসেবে উঠে এসেছে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ কমে যাওয়া। দেশের শীর্ষ লিগে বিদেশি খেলোয়াড়ের আধিক্যের কারণে ইতালির নিজস্ব প্রতিভারা নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ পাচ্ছে না।
যুব উন্নয়ন খাতেও পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্বের শীর্ষ ৫০টি লিগের মধ্যে ইতালি যুব উন্নয়নে বিনিয়োগের দিক থেকে একেবারে নিচের দিকে রয়েছে। অনূর্ধ্ব-২১ বয়সী খেলোয়াড়দের মাঠে সময় দেওয়ার ক্ষেত্রেও অবস্থান প্রায় সর্বশেষের দিকে, যা ভবিষ্যৎ জাতীয় দলের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
এছাড়া জাতীয় দলের খেলায় আগ্রাসন, গতি এবং প্রতিপক্ষকে চাপে রাখার মানসিকতার ঘাটতিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংকট উত্তরণে গ্যাব্রিয়েলে গ্রাভিনা কয়েকটি প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে যুব একাডেমিতে বিনিয়োগ বাড়ালে ক্লাবগুলোকে কর-সুবিধা দেওয়া, বিদেশি প্রতিভা আনার প্রক্রিয়া সহজ করা এবং নতুন আয়ের উৎস তৈরি করা।
সব মিলিয়ে, সাম্প্রতিক ব্যর্থতা শুধু একটি ফলাফল নয় বরং ইতালির ফুটবলের দীর্ঘদিনের সংকটকেই সামনে নিয়ে এসেছে।

