অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে মোংলায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে মোংলায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাংক, ফুয়েল মজুদের রেজিস্টার, ফুয়েল খরচের রেজিস্টারসহ লাইসেন্সের হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।
জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধ এবং জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বলে জানান তিনি।

