বিষপানে মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

0
বিষপানে মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষ পান করে মা তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তার মেয়ে রোকাইয়া (৫)। ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের এই তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশিদিন তার সংসার টেকেনি। পরে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তানের জন্ম নেয়। তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান। তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষপান করেন। এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখেন মেয়ে ও নাতনি বিষ পান করেছে। এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করেছেন। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, লাশ দুইটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বাঙ্গরা বাজার থানাকে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here