রাস্তায় পানের পিক ফেলায় ভারতীয় পর্যটককে দিয়ে পরিষ্কার করালেন নেপালি নাগরিক

0
রাস্তায় পানের পিক ফেলায় ভারতীয় পর্যটককে দিয়ে পরিষ্কার করালেন নেপালি নাগরিক

নেপালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলন্ত গাড়ি থেকে সড়কে পানের পিক ফেলায় একদল ভারতীয় পর্যটককে থামিয়ে নিজ হাতেই তা পরিষ্কার করতে বাধ্য করেন এক নেপালি নাগরিক।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় ওই ব্যক্তি গাড়িটি থামিয়ে পর্যটকদের কড়া ভাষায় ভর্ৎসনা করেন। তিনি জানান, নিজের দেশের পরিচ্ছন্নতা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং দ্রুত ময়লা পরিষ্কার করতে বলেন।

পর্যটকেরা পরিস্থিতিতে বিব্রত হয়ে বারবার ক্ষমা চান। তবে শুধু ক্ষমা নয়, বাস্তবে পরিষ্কার করার ওপর জোর দেন ওই ব্যক্তি। পরে তারা পানি ঢেলে রাস্তায় পড়া পানের পিক পরিষ্কার করেন।

ঘটনাটি ধারণকারী ব্যক্তি মন্তব্য করেন, বড় দেশ থেকে এসে অন্য দেশে এভাবে নোংরা করা দৃষ্টিকটু।

ভিডিওটি ইতিমধ্যে কোটি ভিউ পেয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই ওই নেপালি নাগরিকের অবস্থানকে সমর্থন করে বলেছেন, জনসম্মুখে এমন আচরণের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জরুরি।

অন্যদিকে, কিছু ব্যবহারকারী মনে করেন, প্রতিক্রিয়াটি কিছুটা কঠোর হয়েছে এবং পুরো জাতিকে এক করে দেখা ঠিক নয়। তারা বলেন, ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরও এভাবে প্রকাশ্যে তিরস্কার করা নিয়ে প্রশ্ন থাকতে পারে।

ঘটনাটি ঘিরে আবারও আলোচনায় এসেছে ভ্রমণকারীদের নাগরিক সচেতনতা এবং বিদেশে আচরণবিধি মেনে চলার বিষয়টি।

সূত্রঃ এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here